Tuesday, 22 Sep 2026
নারী January 11, 2023

বান্দরবানে এক তঞ্চঙ্গ্যা গৃহবধুকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ

হিল ভয়েস, ১০ জানুয়ারি ২০২৩, বান্দরবান: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এক সেটেলার বাঙালি যুবক কর্তৃক জোরপূর্বক তুলে নেওয়ার পর ভয় দেখিয়ে ৩৮ বছরের এক তঞ্চঙ্গ্যা গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ জানুয়ারী) অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ও একজন থ্রি-হুইলার চালক বলে জানা গেছে। জাহাঙ্গীর আলম বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলি পাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার গৃহবধুর বান্দরবান সদরস্থ যৌথ খামার এলাকায় বাগানের পাশে একটি টং দোকান রয়েছে। সেই সুবাদে যৌথ খামার এলাকায় বসবাস করে আসছিলেন।

জানা যায় যে, যৌথ খামার এলাকার ত্রিহুইলার চালক জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ৫ জানুয়ারি জাহাঙ্গীর আলম তার ত্রিহুইলার মহেন্দ্র গাড়িতে করে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী বন প্রপাত এলাকার মসজিদের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ।

পরে অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা দেখা দিলে জানাজানি হলে পুলিশের সহায়তা নিতে ভুক্তভোগীকে পরামর্শ দেয় স্থানীয়দের কয়েকজন ব্যক্তি। তারই আলোকে গত শনিবার (৭ জানুয়ারি) বান্দরবান সদর থানায় ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা নিয়ে গত সোমবার (৯ জানুয়ারী) তিনি হাসপাতালে ভর্তি হন।