Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম July 29, 2024

হত্যা মামলায় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

হিল ভয়েস, ২৮ জুলাই ২০২৪, রাঙ্গামাটি: চারটি হত্যা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে এসে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ (২৮ জুলাই) দুপুরের দিকে হাইকোর্টের নির্দেশে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু আদালতের বিচারক সহিদুল ইসলাম জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০০৭ সালে মিথ্যাভাবে ৫০০ টাকার ১০১টি জাল নোট রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পরে ২০১৮ সালেও সেনামদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী শান্ত চাকমা হত্যা, লংগদুতে জংগলী চাকমা হত্যা, নানিয়ারচরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংস্কারপন্থী দলের নেতা শক্তিমান চাকমা ও কালোময় চাকমা হত্যা মামলার আসামী করা হয় তাকে।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে চেয়ারম্যান অমর জীবন চাকমার সকল মামলায় জামিন চাওয়া হয়। বিজ্ঞ আদালত জামিন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।