হিল ভয়েস, ২৯ জুলাই ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে দুই জন সেটেলার বাঙালি কর্তৃক কলেজ পড়ুয়া এক চাকমা ছাত্রী (১৯) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের চেষ্টাকারী দুই সেটেলার বাঙালির পরিচয় (১) মোঃ কালু মোল্লা, ২৮ বছর, গ্রাম-বড় কড়ুদিয়া, ওয়ার্ড নং ৭, ভূষণছড়া ইউনিয়ন ও (২) মোহাম্মদ, ২৬ বছর, পীং-ছিদ্দিক, গ্রাম-একই।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই ২০২৪ সকাল আনুমানিক ৯টার দিকে দুই সেটেলার যুবক পার্শ্ববর্তী বগাছড়ি গ্রামে গিয়ে বাড়িতে একা পেয়ে ওই কলেজ ছাত্রীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি জোরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসতে দেখলে সেটেলার বাঙালিরা পালিয়ে যায়।
পরে মেয়েটির বাবা ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ আবু সাইদকে বিষয়টি জানিয়ে বিচার চাইলে, ওয়ার্ড মেম্বার আবু সাইদ কোনো জুম্ম মুরুব্বির উপস্থিতি ছাড়াই ভুক্তভোগী মেয়েটির বাবাকে ১০০০০ (দশ হাজার) টাকা দিয়ে একপ্রকার একতরফা মিমাংসা করে দেন। এব্যাপারে ভুক্তভোগীদের আর উচ্চবাচ্য না করারও পরামর্শ দেন ওয়ার্ড মেম্বার আবু সাইদ।