হিল ভয়েস, ২ আগস্ট ২০২৪, রাঙ্গামাটি: সেনাবাহিনীর মদদপুষ্ট মগ পার্টির সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে নিরীহ এক মারমা গ্রামবাসীকে মারধর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ জুলাই ২০২৪ সন্ত্রাসীরা গুলুক্যা মারমা (২৫), মাতা-আপ্রামা মারমা নামে ওই গ্রামবাসীকে তার বাড়িতে গিয়ে মারধর করে বলে জানা যায়। গুলুক্যা মারমার বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাকবাংলো পাড়া গ্রামে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী ওই গ্রামবাসী নিজ বাড়িতে চিকিৎসা করছে বলে খবর পাওয়া গেছে।
আরো জানা গেছে, গতকাল (১ আগস্ট) সকালের দিকে মগ পার্টির সন্ত্রাসীরা আবার মারধরের শিকার গুলুক্যা মারমার বাড়িতে গিয়ে গুলুক্যা মারমা গ্রামে থাকতে পারবে না বলে জানায় এবং থাকলে অসুবিধা হবে বলে হুমকি দেয়।
আজকে (২ আগস্ট) সকালে ভুক্তভোগী গুলুক্যা মারমা মগ পার্টির সন্ত্রাসীদের পার্টি অফিসে দেখা করার জন্য যেতে বাধ্য হয় বলে জানা যায়। তবে গুলুক্যা মারমা নিরাপদে বাড়িতে ফিরছেন কিনা জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ২০২৪ ভোর রাত ১ টার দিকে মগ পার্টির চিহ্নিত সন্ত্রাসী সবুজ মারমা (৪৩) ও প্রান্ত ঘোষ রনি (৩৩) এর নেতৃত্বে ২০-২২ জনের একটি সন্ত্রাসী দল কর্তৃক রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এলাকার ডলুছড়ি পাড়া থেকে জনি মারমা (৩৫), পীং-আনিমং মারমা নামে এক মারমা গ্রামবাসী অপহরণ ও হত্যার শিকার হন।
এর আগে গত ৫ জুলাই ২০২৪ এই মগ পার্টির সন্ত্রাসীদের কর্তৃক রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন সদর এলাকায় বান্দরবান জেলার অধিবাসী ৫ নিরীহ মারমা গ্রামবাসী ব্যাপক মারধরের শিকার হন।
স্থানীয়দের অভিযোগ, বাঙ্গালহালিয়া বাজার সেনা ক্যাম্পের পাশে অবস্থান করেই মগ পার্টির সন্ত্রাসীরা প্রকাশ্যে এসব কর্মকান্ড চালাচ্ছে। সেনাবাহিনী দেখেও না দেখার ভান করছে।