Tuesday, 22 Sep 2026
আদিবাসী August 21, 2020

ময়মনসিংহে প্রেমের ফাঁদে ফেলে গারো তরুণীকে ধর্ষণ, মামলা দায়ের

হিল ভয়েস, ২০ গস্ট ২০২০, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় প্রেমের ফাঁদে ফেলে এক গারো তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা গারো তরুণী কলেজের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি জেলার মুক্তাগাছা থানার নালিখালী এলাকায়।

জানা যায়, মুক্তাগাছা থানার নালিখালি গ্রামের মো: সাইফুল ইসলামের ছেলে আরিয়ান ইসলাম আরিফ (২২) গারো তরুণীকে বিভিন্ন সময় প্ররোচনা ও প্রলোভনের দ্বারা প্রেমের ফাঁদে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।

নির্যাতিতা তরুণীর ভাষ্যমতে, সর্বশেষ গত ১১ আগস্ট (২০২০) নালিখালী ডায়াবেটিক সেন্টারে খবর দিয়ে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনের মিথ্যে আশ্বাস দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ নিয়ে পরবর্তীতে সামাজিক শালিসে আরিফ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে নির্যাতিতা গারো তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) ময়মনসিংহ মহানগরের সভাপতি পিকলু রুগা। তিনি জনজাতির কন্ঠকে বলেন, ‘আমাদের সহজ সরল গারো মেয়েরা বাইরের জগতের বিভিন্ন ফাঁদে পড়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন। আমরা আসামীকে প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই।’

এদিকে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।