হিল ভয়েস, ১৫ মে ২০২৫; রাজশাহী: আজ ১৫ মে ২০২৫ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাজশাহী মহানগর শাখা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত স্মারকলিপিতে প্রতিবছর ভর্তি পরীক্ষায় আদিবাসী কোটা সম্বলিত বিভিন্ন সমস্যা ও সংকটের কথা অবহিত করা হয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেগুলো দ্রুত সমাধানের জন্য “ছয় দফা” দাবিনামা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়৷
এসময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছয় দফা দাবিনামাসমূহ নিম্নরূপ:
১. আদিবাসী কোটার আসন সংখ্যা বৃদ্ধি করা।
২. পাহাড়ী আদিবাসী শিক্ষার্থীদের প্রথমবর্ষ হতে হলে আবাসন ব্যবস্থা প্রদান করা এবং প্রতিটি হলে আলাদা রুম বরাদ্দ দিয়ে সেগুলোতে নিয়োগ প্রদান নিশ্চিত করা৷
৩. আদিবাসী শিক্ষার্থীদের জন্য আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত ও ইসলামিক স্টাডিজ বিষয় সমূহ চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত না করার দাবি বলবৎ রাখা।
৪. সংরক্ষিত কোটা আসনে জাতি ভিত্তিক সীট বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে লিখিতভাবে সুস্পষ্ট নীতিমালা প্রদান করা।
৫. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি আলাদা বুকশেলফ চালু করা।
৬. কোটায় জাতিগত বাছাইয়ের ক্ষেত্রে “খীসা” কে আলাদা হিসেবে চিহ্নিত না করা৷