Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার February 12, 2026

লক্ষীছড়িতে ইউপিডিএফ (প্রসিত) কর্তৃক আবারো ৪ গ্রামবাসীকে অপহরণ

হিল ভয়েস, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ির শীলছড়ি এলাকা থেকে ইউপিডিএফ (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক গত বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬:২০ ঘটিকার সময়ে আবারো তিন গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত ব্যক্তিরা হলেন- চাইথোয়াই উ মারমা, উ থোয়াই অং মারমা এবং আরেশে মারমা।

অপরদিকে একই ইউনিয়নের কুতুকছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সকাল ৯ ঘটিকার সময়ে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সমীরণ দেওয়ানের সমর্থক দন্তি পাড়ার বাসিন্দা চাইহ্লামং মারমা নামে এক গ্রামবাসীকে অপহরণ করা হয় বলে জানা যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের হদিশ এখনো পাওয়া যায়নি বলে জানা যায়।

উল্লেখ্য, এর আগেও, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকার সময় লোগাং ইউনিয়নের মাছ্যছড়া পাড়ার নিজ বাড়ি থেকে হিমেল চাকমা যুবক্কে নামে এক গ্রামবাসীকে ইউপিডিএফ’র (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৬ দিন পরও তাকে কোথায়, কিভাবে রাখা হয়েছে তার খবর এখনো পাওয়া যায়নি।

সূত্র মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিতে গ্রামবাসীদের বাধ্য করতে এবং তাদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টির উদ্দেশ্যে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ এই অপহরণের মতো জঘন্য কাজটি করেছে।