হিল ভয়েস, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেকে একজন বহিরাগত বাঙালি মিস্ত্রি কর্তৃক স্থানীয় একজন বুদ্ধিপ্রতিবন্ধী জুম্ম কিশোর(১৫) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকা সময়ে, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উজোবাজার এলাকায়।
ধর্ষণকারী বাঙালি মিস্ত্রির নাম: সুবল কান্টি বড়ুয়া; পিতা: যতিন বড়ুয়া; গ্রাম: বিন্দু পাড়া, বোয়ালখালী ইউনিয়ন, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুবল কান্তি বড়ুয়া দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উজোবাজার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় সময়ে ভুক্তভোগী কিশোরকে তিনি প্রথমে মদ খাইয়ে পুরোদস্তুর মাতাল করেন। পরে মাতাল অবস্থায় তাকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার দুইদিন পর জানাজানি হলে আজ উজোবাজারের স্থানীয়রা ধর্ষণকারী সুবল কান্তি বড়ুয়ার উপর চরমভাবে ক্ষিপ্ত হন। এবং স্থানীয় যুবসমাজের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে সামাজিকভাবে উভয়পক্ষের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শারীরিক শাস্তি হিসেবে তাকে ১০ বেত ও দশ হাজার টাকা আর্থিক জরিমানা দিয়ে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, এর আগেও সুবল কান্তি বড়ুয়ার বিরুদ্ধে একাধিক জুম্ম নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। যথোপযুক্ত প্রমাণের অভাবে তিনি বার বার অপরাধ করেও পার পেয়ে গেছেন বলে স্থানীয় অনেকেই অভিযোগ করেছেন।