হিল ভয়েস, ৩ মার্চ ২০২৬, বিশেষ প্রতিবেদক: কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৬নং পালংখালী ইউনিয়নে গত ১৯ জানুয়ারি (শনিবার) রাত ৩:৩০ ঘটিকার সময়ে ৬-৭ জনের একটি দল কর্তৃক অপহৃত কিশোরী লক্ষীমায়া চাকমাকে (১৭) উখিয়া থানা পুলিশ উদ্ধার করেছে বলে জানা যায়।
জানা যায়, গত ররিবার (১ মার্চ) টেকনাফের হ্নীলা এলাকা থেকে উখিয়া থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার প্রধান আসামি আব্দুল্লাহ বাপ্পিকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি (শনিবার) রাত ৩:৩০ ঘটিকার সময়ে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৬নং পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রাম থেকে ৫/৬ জন যুবক লক্ষী মায়া চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে এক মাস হয়ে গেলেও উক্ত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্টো ঘটনার বিচার চাইতে গেলে ভুক্তভোগী পরিবারকে মামলার আসামী ইউপি সদস্য কামাল উদ্দিন (৩৬) হাত-পা কেটে দেওয়ার হুমকি প্রদান করে।
এই সময় কিশোরী উদ্ধার না হওয়ায় ভুক্তভোগী পরিবার গণমাধ্যমের দ্বারস্থ হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় অভিযান পরিচালনা করে এবং রবিবার বিকেলে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু মূল আসামী আব্দুল্লাহ বাপ্পিকে আটক করা হলেও কামাল উদ্দিনসহ বাকি আসামীদের এখনো গ্রেপ্তার করা হয়নি।