হিল ভয়েস, ২৬ মার্চ ২০২৬, রাঙ্গামাটি: গতকাল বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬ ঘটিকার সময়ে রাঙ্গামটি জেলাধীন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওয়াগ্গা তঞ্চঙ্গ্যা পাড়ায় ‘ওয়াগ্গা কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়ন’এর অধীন কুকিমারা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোঃ মালেকের নেতৃত্বে ১৫-২০ জনের অধিক বিজিবি সদস্য কর্তৃক স্থানীয় জুম্মদের ব্যক্তিগত মালিকাধীন কাঠ নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করা হয় বলে জানা যায়।
ব্যক্তি মালিকানাধীন কাঠের মালিক চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা ওরফে তিশা বাপ। তিনি বর্তমানে কাপ্তাই ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ চিরঞ্জীব তঞ্চঙ্গ্যা ওরফে তিশা বাপ তার নিজস্ব মালিকানাধীন কাঠ নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা জোর করে নানা হুমকি ও অস্ত্রের ভয় দেখিয়ে বাধা প্রদান করে। একপর্যায়ে এলাকার স্থানীয় আদিবাসী জনতা ঐক্যবদ্ধ হয়ে এর তীব্র প্রতিক্রিয়া জানায় এবং প্রতিবাদ করে। পরে বিজিবি সদস্যরা ব্যাপক জনরোষে পরে বাধ্য হয়ে কাঠ রেখে তাদের ক্যাম্পে চলে যেতে বাধ্য হয়।
এই সময় স্থানীয় এক মুরুব্বি বলেন, জুম্মদের আসন্ন প্রধান সামাজিক উৎসবে এইরকম বর্বরতা, চরম হয়রানি করা নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় বাহিনীর এই ধরনের আচরণ চরম মানবাধিকার লংঘন।
জানা গেছে, ওয়াগ্গা কাপ্তাই ৪১ বিজিবি ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল কাওসার মেহেদী।