Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম May 5, 2026

বান্দরবানে অনুপ্রবেশকালে ২১ জন রোহিঙ্গা আটক

হিল ভয়েস, ৫ মে ২০২৬, বান্দরবান: আজ মঙ্গলবার (৫ মে) বান্দরবান জেলা সদরে সেনাবাহিনীর একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২১ জন রোহিঙ্গাকে আটকের খবর পাওয়া গেছে। আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প হতে বান্দরবানের দিকে আসছিল।

আজ বিকালের দিকে বান্দরবান সদরের রেইচা আর্মি ক্যাম্প চেকপোস্টে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, এই পর্যন্ত আলীকদম উপজেলা হতে ৭৮ জন, লামা হতে ৫১ জন, আলীকদম ও থানচি উপজেলায় ৪৫ জন, বান্দরবানে সদর উপজেলা হতে ৭৫ জনসহ সর্বমোট ২৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানা যায়। তবে আরও বহু সংখ্যক রোহিঙ্গা অবৈধভাবে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

বিভিন্ন তথ্য মোতাবেক, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে শত শত রোহিঙ্গা পালিয়ে এসে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ ৭টি উপজেলায় চুরি, ডাকাতি, খুন, জুম্ম নারীর উপর যৌন সহিংসতা, চাঁদাবাজির ঘটনার সাথে জড়িয়ে পড়ছে, আবার অনেকে জেলার বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন বাগান ও নির্মাণ কাজে শ্রমিক হিসাবে নিয়োজিত রয়েছে।

এযাবৎকালে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার)’র অধিক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।