Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার May 13, 2026

বরকলে বিজিবি কর্তৃক আদিবাসীদের জুম ভূমি বেদখলের চেষ্টা করার অভিযোগ

হিল ভয়েস, ১৩ মে ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নে ১৬২নং চিবা বড় হরিণা মৌজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আদিবাসী জুম্মদের জুম ভূমি বেদখলের চেষ্টা এবং জুমচাষে বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।

২৭ বিজিবি মারিশ্যা জোন ও ৩৭ বিজিবি রাজনগর জোন কর্তৃক বরকলের ৫নং বড় হরিণা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩ জুম্ম গ্রামবাসীর জুম ভূমি বেদখলের চেষ্টা এবং এমনকি তাদেরকে জুম চাষেও বাধা প্রদান করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি ক্যাম্প স্থাপনের নামে জোরপূর্বক এই ভূমি দখলের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, ২৭ বিজিবি মারিশ্যা জোন এর বিজিবি সদস্যরা তাদের ক্যাম্প স্থাপন করার কথা বলে সম্প্রতি বড় হরিণার ১নং ওয়ার্ডের ঋষিপাড়া গ্রামে সুপেন চাকমা (৩৮), পিতা-শিবচরণ চাকমা ও অমর জিৎ চাকমা (৩২), পিতা-সুশীল কুমার চাকমাকে তাদের ভূমি বেদখল করার জন্য চাপ দিচ্ছে।

অপরদিকে, ৩৭ বিজিবি রাজনগর জোনের বিজিবি সদস্যরা বড় হরিণার ১নং ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে শেফালী রঞ্জন চাকমা (৫৬), পিতা-শান্তি কুমার চাকমা’র ৫ একর পরিমাণ বেদখলের জন্য চাপ দিচ্ছে বলে জানা গেছে।

এছাড়া, ৩৭ বিজিবি রাজনগর জোনের বিজিবি সদস্যরা ক্যাম্প স্থাপনের নামে বড় হরিণার ২নং ওয়ার্ডের নুও আদাম গ্রামবাসীর সামাজিক বন দখল করার পাঁয়তারা চালাচ্ছে বলেও জানা গেছে।