Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম June 27, 2026

পিসিপি’র রাঙ্গামাটি সরকারি কলেজ ও শহর শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

হিল ভয়েস, ২৬ জুন ২০২৬, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ও রাঙ্গামাটি শহর শাখার যৌথ উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২৬ জুন ২০২৬, শুক্রবার, রাঙ্গামাটি সরকারি কলেজের ২০৬ নম্বর কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি পাবলিক কলেজ ও রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউটের পরীক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি জ্ঞান চাকমার সভাপতিত্বে এবং শহর শাখার সাধারণ সম্পাদক ইমন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীতি বিকাশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাঞ্চনমালা চাকমা।

এছাড়া পরীক্ষার্থীদের পক্ষে অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন রাঙ্গামাটি সরকারি কলেজের সুমিত্রা চাকমা ও হরিশ চাকমা এবং রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউটের সুজশ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সুনীতি বিকাশ চাকমা বলেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো আলোকিত মানুষ হওয়া। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বাস্তবতা, পরিস্থিতি ও প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে প্রগতিশীল চিন্তাধারায় নিজেকে পরিবর্তন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিজেদের শেকড়কে না ভোলার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের ইতিহাস অধ্যয়ন করে নিজেকে জাতির অস্তিত্ব রক্ষায় নিয়োজিত করা জরুরি।

পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে শাসকগোষ্ঠীর নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে জুম্ম জনগণ ভাষাগত, সাংস্কৃতিক ও শিক্ষাগতসহ সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। নিজেদের অধিকার অর্জনের দীর্ঘ লড়াইয়ের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ স্বাক্ষরিত হলেও তার মৌলিক ধারাগুলো এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। ফলে শিক্ষা ও চিকিৎসাসহ সব ক্ষেত্রে পার্বত্য অঞ্চল এখনো অবহেলিত। শিক্ষার্থীদের এই ক্রান্তিলগ্নে প্রগতিশীল চিন্তায় বিকশিত হয়ে জাতির অস্তিত্ব রক্ষার ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সজল চাকমা বলেন, ছাত্র-যুব সমাজই ভবিষ্যৎ জাতি গঠনের কান্ডারী। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু পাস করা বা চাকরি পাওয়ার যে সংকীর্ণ মানসিকতা তৈরি হয়েছে, শিক্ষার্থীদের তা থেকে বের হতে হবে। পরীক্ষায় পাসের পাশাপাশি মনুষ্যত্ব ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। কেবল পরীক্ষার্থী না হয়ে প্রকৃত শিক্ষার্থী হতে হবে।

এইচডব্লিউএফ নেত্রী কাঞ্চনমালা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম শিক্ষার্থীদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। বর্তমান সময়ে মোবাইল ফোনের অপব্যবহার বাদ দিয়ে সময়কে কাজে লাগাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে বিকশিত করার পাশাপাশি পাহাড়ের বাস্তবতাকে উপলব্ধি করে পার্বত্য চট্টগ্রামের আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে হবে।

শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।