হিল ভয়েস, ৩০ জুন ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জিতেন্দ্র পাড়া (তারাবন) এলাকার নিজ বাড়ি থেকে গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসী বাহিনীর সুমেনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক নিরীহ ও সাধারণ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর পরিচয়: জিবন চাকমা ওরফে জুড়ানি বাপ (৩৪), পিতা: বিন্দু কুমার চাকমা। তিনি পেশায় একজন ক্ষুদ্র মৌসুমি ফল ব্যবসায়ী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ২৯ জুন রাত ৯ টার দিকে জিতেন্দ্র পাড়ার বাসিন্দা জিবন চাকমা ওরফে জুড়ানি বাপ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসী সুমেনের নেতৃত্বে ইউপিডিএফের একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিকভাবে তার বাড়িতে হানা দেয়। এরপর জিবন চাকমাকে নিজ ঘর থেকে ধরে নিয়ে যায়। উক্ত ঘটনায় অপহৃতের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।
এলাকাবাসীরা জানান, জিবন চাকমা একজন নিরীহ ও সাধারণ গ্রামবাসী। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। সম্পূর্ণ অন্যায়ভাবে একজন সাধারণ মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় পুরো তারাবন এলাকায় চরম ক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জিবন চাকমাকে দ্রুত অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অপহৃত জিবন চাকমার কোনো খোঁজ মেলেনি এবং অপহরণের সুনির্দিষ্ট কারণও এখনো জানা যায়নি।