হিল ভয়েস, ২৪ জুলাই ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন এলাকায় সেটেলার বাঙালিদের একটি দল এক জুম্ম যুবককে ধরে ‘জেএসএস’র কালেক্টর’ তকমা দিয়ে এবং একটি পুরনো দেশি বন্দুক গুঁজে দিয়ে আটক ও মারধর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট সোপর্দ করেছে বলে খবর পাওয়া গেছে।
ওই যুবকের নাম সুকেন চাকমা (২৫), বাড়ি লংগদুর সীমান্তবর্তী বাঘাইছড়ি এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৩ জুলাই) সকাল আনুমানিক ১০:৪০ টার দিকে মো: খলিল, সাইফুল ও নুরনবীর নেতৃত্বে বশর, ওসমান, আলআমিন সহ স্থানীয় সেটেলার বাঙালিদের ২২/২৫ জনের একটি দল বগাচতর ইউনিয়নের চিবেরেগা গ্রামের চিবেরেগা দোকানে গিয়ে কালেক্টর খুঁজতে থাকে।
এসময় ঐ দোকানের পাশে গ্রামের স্থানীয় ২/৩জন গ্রামবাসী এবং আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা সুকেন চাকমা তার বন্ধুদের সাথে আমগাছের নীচে বসে গল্প করছিল।
সেটেলার বাঙালিরা স্থানীয় ছেলেদের চিনতে পারলেও সুকেন চাকমাকে না চেনার কারণে তাকে আক্রমণাত্মকভাবে নানান কথা বলে এবং তার পরিচয় জানতে চায়। এতে সুকেন চাকমা ও সেটেলারদের মধ্যে বাকবিতণ্ডা হলে, এক পর্যায়ে সেটেলাররা সুকেন চাকমাকে অপরিচিত হিসেবে তাকে “কালেক্টর” তকমা দিয়ে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যায়।
প্রায় ৩ ঘন্টা যাবৎ সেটেলার বাঙালিরা সুকেন চাকমাকে তাদের হেফাজতে রেখে অমানুষিক শারীরিক নির্যাতনের পর একটি পুরনো দেশীয় বন্দুক গুঁজে দিয়ে এবং ‘জেএসএস’র কালেক্টর’ তকমা দিয়ে স্থানীয় ৩৭ বিজিবির রাজনগর জোন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
জানা যায়, সেই দেশীয় বন্দুকটির মালিক চিবেরেগা এলাকার সেটেলার “মোঃ বশর” হাতি তাড়ানোর নামে নিয়মিত ব্যবহার করত এবং সেটা দেখিয়ে এলাকায় অন্যকেও প্রায় সময় হুমকি প্রদান করত।