Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম July 28, 2026

রুমায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

হিল ভয়েস, ২৮ জুলাই ২০২৬, বান্দরবান: বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লেতং পাড়ায় হঠাৎ করে হামের প্রকোপে গত ১৫ দিনে হামের উপসর্গ নিয়ে অন্তত ৭ খুমি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বান্দরবান সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল ফ্রেএং খুমী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়। দুদিন আগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় তার বড় ভাই প্রেটংএং খুমী (৭)।

মারা যাওয়া সাত শিশু হলো- ফ্রেলেএং খুমী (৫), খ্রেপা খুমী (১১), শইফ্রা খুমী (৫), প্রেটেম এং খুমী (৬), পলিএং খুমী (৯), প্রেটেমএং খুমী (৭), পও এং খুমী (৭) এবং কুপাও ম্রো (১৩)।

লেতং খুমীপাড়ার কারবারি (গ্রামপ্রধান) শৈলুং খুমী জানান, তিনি তার সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে যৌথ পরিবারে বসবাস করেন। মারা যাওয়া সাত শিশুর মধ্যে একজন তার নিজের সন্তান। দুজন তার ছেলের এবং দুজন মেয়ের সন্তান। আর বাকি শিশুরা তার পাড়ারই নিকটাত্মীয়।

তিনি আরও বলেন, দুজন শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পথে। অন্যরা অসুস্থ অবস্থায় পাড়াতেই মারা গেছে।

শৈলুং খুমী জানান, লেতং পাড়ায় ২৮টির মতো খুমী পরিবার বসবাস করে। বগালেক থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই পাড়ায় পৌঁছাতে পাহাড়ি পথ ধরে দুই ঘণ্টারও বেশি সময় হাঁটতে হয়।