হিল ভয়েস, ৩১ জুলাই ২০২৬, রাঙ্গামাটি: আজ (৩১ জুলাই) রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের বৈরাগী বাজারে সেটেলার বাঙালিদের একটি দল জুম্মদের ধাওয়া ও হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে।
এসময় বাজারে আসা এক জুম্ম নারী ব্যাপক মারধরের শিকার হয় বলে জানা গেছে। ওই জুম্ম নারীর পরিচয় কালেন্দী চাকমা(৩০), স্বামী- তপরায় চাকমা, গ্রাম- রাঙ্গীপাড়া, ১নং ওয়ার্ড, ৪নং বগাচতর ইউনিয়ন, লংগদু।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ হাটের দিন সকাল আনুমানিক ১০টার দিকে লংগদুর ৪নং বগাচতর ইউনিয়নের অন্তর্গত চিবেরেগা এলাকার সেটেলার বাঙালি মোঃ খলিল(৪৫) ও মোঃ নুর নবীর নেতৃত্বে সাইফুল, আবুল বশর, এনামুল, আল আমিন, হৃদয়সহ ৩০/৩৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হঠাৎ সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে বৈরাগী বাজারে আসা জুম্মদের উপর হামলা করার চেষ্টা করে। এসময় সেটেলাররা লাঠিসোঁটা নিয়ে নির্বিচারে জুম্মদের ধাওয়া শুরু করে।
কোনো প্রকার উস্কানি ছাড়াই সেটেলার বাঙালিদের আকস্মিক এই হামলায় জুম্মরা যে যেদিকে পারে পালাতে থাকে। এই সময় কালেন্দী চাকমা নামের জুম্ম নারীটি ব্যাপক মারধরের শিকার হয়।
বিষয়টি দ্রুত জানাজানি হলে লংগদুর রাজানগর জোন হতে বিজিবি’র একটি দল তাৎক্ষণিকভাবে বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, উক্ত হামলায় নেতৃত্বদানকারী সেটেলার মোঃ খলিলের রাঙ্গামাটি সদরের আসামবস্তিতে সৃজন করা পেঁপে বাগানটি গতরাতে (৩০ জুলাই) কে বা কারা কেটে দিয়েছে। সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মো: খলিল লংগদুতে জুম্মদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে।
তবে বর্তমানে ওই বাজার এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।