Tuesday, 22 Sep 2026
সংখ্যালঘু August 3, 2026

ইচ্ছালছড়া খাসিয়া পুঞ্জিতে পান গাছ কাটার অভিযোগ: উচ্ছেদের ষড়যন্ত্রের আশঙ্কায় পুঞ্জিবাসী

হিল ভয়েস, ২ আগস্ট ২০২৬, মৌলভীবাজার: মৌলভীবাজারের ইচ্ছালছড়া খাসিয়া পুঞ্জিতে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর পান গাছ কেটে ফেলা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের এবং বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বন বিভাগকে ব্যবহার করে তাদের একমাত্র জীবিকার উৎস পান বাগান ধ্বংসের পাঁচতারা চলছে।

পুঞ্জির বাসিন্দারা জানান, ২০২২ সাল থেকে বন বিভাগের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় তাদের উচ্ছেদ করতে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। পাহাড়ি বনাঞ্চলের বড় গাছ, পান বাগান ও সুপারি গাছ কেটে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করা হচ্ছে। এতে কেবল যে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, প্রাকৃতিকভাবে পান গাছ বেড়ে ওঠার পরিবেশ নষ্ট হওয়ায় ভবিষ্যতে নতুন করে পান বাগান গড়ে তোলাও কঠিন হয়ে পড়ছে।

পুঞ্জিবাসীরা আক্ষেপ করে বলেন, শত শত বছর ধরে এই পাহাড় আমাদের পূর্বপুরুষদের ভিটা। এই পাহাড় আমাদের পরিচয়, সংস্কৃতি, ইতিহাস এবং একমাত্র অবলম্বন। আমাদের অস্তিত্বের সঙ্গে এই বনাঞ্চল আর পান বাগান জড়িয়ে আছে।

দুর্বৃত্তরা জুমে ঢুকে গাছ কাটলে স্থানীয় খাসিয়ারা বাধা দিতে গেলে উল্টো তাদের বিরুদ্ধে পুলিশ ও বন বিভাগে মামলা ঠুকে দেওয়া হচ্ছে। পুঞ্জির এমন কোনো পরিবার নেই বললেই চলে, যেখানে এক বা একাধিক মামলা দেওয়া হয়নি। এমনকি একই পরিবারের মা ও বোনের নামেও মামলা ঝুলছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহল বন বিভাগকে ঢাল বানিয়ে জমি ও বনাঞ্চল দখলের এই অপচেষ্টা চালাচ্ছে। মিথ্যা মামলার পেছনে ছুটতে গিয়ে খাসিয়া পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে।

পান চাষই খাসিয়াদের জীবন-জীবিকার মূল ভিত্তি। এটি ধ্বংস হলে শত শত খাসিয়া পরিবার অন্ন সংস্থানের উপায় হারিয়ে চরম সংকটে পড়বে। ইচ্ছালছড়া পুঞ্জির বাসিন্দারা এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, পান বাগান সুরক্ষা এবং সব হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উচ্চপর্যায়ের জোর হস্তক্ষেপ দাবি করেছেন।