Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 7, 2026

থানচিতে পিসিপির ১২তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত: ২১ সদস্যের নতুন কমিটি গঠন

হিল ভয়েস, ৭ আগস্ট ২০২৬, বান্দরবান: “সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ১২তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার থানচির হিউম্যানিটারিয়ান হলে থানচি থানা শাখার আয়োজনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

থানা শাখার সভাপতি সিংওয়াইমং মারমার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক উমংহ্লা মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক উশৈসিং মারমা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থানচি থানা কমিটির সভাপতি চসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেংইয়ং ম্রো এবং পিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এডিসন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে চসাথোয়াই মারমা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য ঘর ও মাটি প্রয়োজন। শাসকগোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে পাহাড়ের ভিন্ন ভাষাভাষী জুম্ম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এম এন লারমার চেতনাকে ধারণ করে অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রেংইয়ং ম্রো পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব এবং চুক্তি লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, চুক্তির ২৮ বছর অতিক্রান্ত হলেও ভূমি বিরোধ নিষ্পত্তি করা হয়নি। চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন পাহাড়ি মন্ত্রী থাকার কথা থাকলেও একজন বাঙালি প্রতিমন্ত্রীকে দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করা হচ্ছে। এছাড়া পাহাড়ে জুম্মদের উচ্ছেদ, অবৈধ সেটেলার অনুপ্রবেশ এবং অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে তিনি দাবি করেন এবং এ সবের বিরুদ্ধে ছাত্র সমাজকে আন্দোলনে নামার আহ্বান জানান।

অপর বিশেষ অতিথি এডিসন চাকমা বলেন, পাহাড়ে উন্নয়নের নামে প্রতিনিয়ত ভূমি বেদখল, মিথ্যা মামলা এবং সংস্কৃতির ওপর আঘাত হানা হচ্ছে। জুম্মদের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্র সমাজকেই নেতৃত্ব দিতে হবে।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সিংওয়াইমং মারমাকে সভাপতি, উমংহ্লা মারমাকে সাধারণ সম্পাদক এবং ক্যসাইনু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পিসিপি থানচি থানা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা।