Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 18, 2026

বান্দরবানে শিলক খাল রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

হিল ভয়েস, ১৭ আগস্ট ২০২৬, বান্দরবান: শিলক খাল রক্ষা এবং বালু উত্তোলন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন রাজবিলা ইউনিয়নের সচেতন এলাকাবাসী এবং শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।

আজ সোমবার ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজবিলা ইউনিয়নের ৬টি গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজবিলা ইউনিয়নের রাবার ড্যাম এলাকার মাত্র ৩০০ ফুট দূরত্বের মধ্যে প্রস্তাবিত বালুমহাল থেকে বালু উত্তোলন করা হলে রাবার ড্যাম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং আশপাশের বিস্তর কৃষিজমি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হবে। তারা অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, এর আগেও রাবার ড্যাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অতিরিক্ত বালু উত্তোলনের কারণে শিলক খালের ব্রিজঘাটা এলাকার একটি সেতু ভেঙে যায়, যার ফলে বান্দরবান-রাঙামাটি সড়কে টানা ১৫ দিনের বেশি সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

বক্তারা আরও উল্লেখ করেন, শিলক খালের পানির ওপর নির্ভর করে এলাকার কৃষকরা সেচ সুবিধা পেয়ে থাকেন। খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলে স্থানীয় কৃষি উৎপাদন, মানুষের জীবন-জীবিকা, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে। এর পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ারও তীব্র ঝুঁকি রয়েছে।

তারা আরও জানান, তারা উন্নয়নের বিরোধী নন, তবে যেকোনো উন্নয়ন কার্যক্রম আইনসম্মত, পরিবেশবান্ধব ও জনস্বার্থ রক্ষাকারী হওয়া আবশ্যক। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে খালের ওপর সম্ভাব্য প্রভাব যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি উসাইনু তালুকদার, উথিচিং মারমা ও উখ্যাই মারমা বক্তব্য প্রদান করেন।

মানববন্ধন থেকে এলাকাবাসীর পক্ষে ৫ দফা দাবি তুলে ধরা হয়:

১. শিলক খাল ও রাবার ড্যাম সংলগ্ন ঘোষিত বালুমহালের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
২. পরিবেশ, কৃষি, পানি প্রবাহ, রাবার ড্যাম ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না হওয়া পর্যন্ত বালু উত্তোলন স্থগিত রাখা।
৩. স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের মতামত নিয়ে জনস্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
৪. পরিবেশ ও অবকাঠামোগত ক্ষতির ঝুঁকি বিবেচনায় প্রস্তাবিত বালুমহালের ইজারা বাতিল করে এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া।
৫. অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নিশ্চিত করা।

মানববন্ধন কর্মসূচি শেষে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।