হিল ভয়েস, ২০ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের উলুছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিপিপি) বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি চিবরন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বাঘাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক মন্টু বিকাশ চাকমা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদ্য গঠিত রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য বিল্টু চাকমা, উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সুরেশ বিহারী চাকমা, স্থানীয় মেম্বার পারিয়ন চাকমা ও উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীর মিত্র চাকমা প্রমূখ।
মতবিনিময় সভায় উলুছড়ি গ্রামের প্রতিনিধি কিরন চন্দ্র চাকমা বলেন, সম্প্রতি সমাজে মাদকের ভয়াবহতা সমাজ ও উদীয়মান প্রজন্মকে মারাত্মকভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। একমাত্র আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এর থেকে উত্তরণ ঘটানো সম্ভব।
ঢেবাছড়ি গ্রামের প্রতিনিধি বাচ্চু মুনি চাকমা বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে শিক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশাবাদী তাদের এই পদক্ষেপের মাধ্যমে আমাদের সন্তানরা সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবে।
পিসিপির এই কার্যক্রমকে প্রশংসা করে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিশেষ অতিথি বিল্টু চাকমা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র দলগুলোর উপর সমাজের স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনার সকল দায় ছেড়ে না দিয়ে অভিভাবক সহ সমাজের যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তাদেরকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রবীর মিত্র চাকমা বলেন, শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষক, অভিভাবক ও সামাজিক নেতৃত্বকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অভিভাবক ও সামাজিক নেতৃত্ব সঠিক ও দায়িত্বশীল হলে সমাজে শৃঙ্খলা বজায় থাকে, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয় এবং সামগ্রিকভাবে সমাজের অগ্রগতি ও সুস্থ পরিবেশ নিশ্চিত হয়।
সুরেশ বিহারি চাকমা বলেন, বর্তমানে শুধু যুবসমাজ নয়, স্কুলপড়ুয়া শিশুরাও মাদক ও মোবাইল গেমের মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। যুবসমাজের একটি অংশ ইতোমধ্যে এসব নেশায় গভীরভাবে আসক্ত হয়ে পড়েছে এবং তাদের মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যেও এর বিস্তার ঘটছে। এমনকি তারা অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের মোবাইল গেম খেলতে দিচ্ছে, যা শিশুদের ভবিষ্যৎ ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে অযথা মোবাইল তুলে না দিয়ে তাদের বই পড়ার প্রতি উৎসাহিত করতে হবে। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্টু বিকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা মোটেও ভালো অবস্থানে নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী ও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো নানা নেতিবাচক প্রবণতা আজ সমাজে দৃশ্যমান। ফলে আমাদের জাতীয় ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
মন্টু বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ঘোষিত বৃহত্তর আন্দোলনকে আরও সচল ও গতিশীল রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষভাগে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে শিক্ষার পরিবেশ রক্ষা ও সামাজিক সুরক্ষায় ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
১। খেদারমারা ইউনিয়নের বিদ্যালয়সংলগ্ন দোকানগুলোতে ১৮ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের কাছে মাদক কেনাবেচা সম্পূর্ণ বন্ধ রাখা।
২। উলুছড়ি গ্রাম সংলগ্ন বাঁধ ও নলবনিয়া ব্রিজ এলাকায়
সন্ধ্যা ৬:০০ ঘটিকা পর অহেতুক আড্ডা, মাদক সেবন, মোবাইল গেম ও অনলাইন জুয়া খেলা থেকে বিরত রাখা।
মুক্ত আলোচনা শেষে সভাপতি চিবরন চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। আলোচনা সভায় সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সহ-সভাপতি উদ্দীপন চাকমা।
পার্বত্য চট্টগ্রাম
August 21, 2026