হিল ভয়েস, ২৬ আগস্ট ২০২৬, বগুড়া: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং পড়াশোনা শেষে চাকরির ব্যবস্থাসহ বর্তমানে বৈধ সাংগঠনিক কাঠামো ও কমিটি বহাল থাকা সত্ত্বেও সংগঠনের নামে নতুন কমিটি গঠনের চক্রান্তের তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ, বগুড়া জেলা কমিটি।
আজ বুধবার ২৬ আগস্ট ২০২৬, সকাল ১১ টায় বগুড়ার শেরপুর উপজেলা চত্বরে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সাগর কুমার সিং-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, সমতলের আদিবাসীরা শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে চরমভাবে পিছিয়ে পড়েছে। বগুড়ার শেরপুরে তুরি, মাহাতো, বাগদী, সাঁওতাল, ভূমিজ, তেলী, বর্মণ, কোচ, মুসহর ও গঞ্জুসহ প্রায় ১৫টিরও বেশি আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস করলেও তাদের নিজস্ব সংস্কৃতি চর্চা ও সংরক্ষণের জন্য কোনো কালচারাল একাডেমি নেই। বক্তারা অবিলম্বে এসব জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা ও সার্বিক উন্নয়নে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।
এছাড়াও উক্ত মানববন্ধনের মাধ্যামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার জোর দাবি জানান।
বগুড়া জেলা কমিটির সভাপতি সুজন কুমার রাজভর বলেন, আদিবাসী ছাত্র পরিষদ কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আদিবাসী ছাত্রসমাজের অধিকার, শিক্ষা, সংস্কৃতি, ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের একটি প্ল্যাটফর্ম। ব্যক্তিগত স্বার্থ বা প্রভাব বিস্তারের মাধ্যমে সংগঠনকে বিভক্ত করার কোনো চেষ্টা সহ্য করা হবে না।
মানববন্ধনে সংহতি প্রকাশ ও বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোস সিং বাবু, সহ সভাপতি যুগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, শেরপুর উপজেলার সভাপতি স্বপন সিং, সাধারণ সম্পাদক হিরালাল সিং, শেরপুর পৌরসভার সাধারণ নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, শেরপুর উপজেলার উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ লিটন হক, ধুনট উপজেলার আদিবাসী নেতা পূর্ণ চন্দ্র রায় বাগদী, সুবধন চন্দ্র সরকার। বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদ জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার সিং, উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি বিপ্লব কুমার মাহাতো, সহ সভাপতি সোহাগ কুমারসহ আদিবাসীদের বিভিন্ন স্থরের নেতৃত্ববৃন্দ।