Tuesday, 22 Sep 2026
শিক্ষা September 3, 2026

বান্দরবানে এম এন লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা

হিল ভয়েস, ২ সেপ্টেম্বর ২০২৬, বান্দরবান: জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমা’র (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবানে কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক মেঞোচিং মারমা ও সদস্য সচিব উশৈহ্লা মারমা এটি নিশ্চিত করেছেন।

তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে “এম এন লারমা’র জীবন ও সংগ্রাম” এবং “সমাজে মাদকাসক্তি দূরীকরণে তরুণ সমাজের ভূমিকা” এই দুই বিষয়ের উপর বক্তৃতায় অংশগ্রহণ করবেন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

‘খ’ ক্যাটাগরিতে “পাহাড়ের জীবন ও সংস্কৃতি” এবং “তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ও করণীয়” বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশ নেবেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

‘গ’ ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা। “সুন্দর সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা” এবং “কিশোর অপরাধ দূরীকরণে স্কুল শিক্ষার্থীদের করণীয়” এই বিষয়ের উপর বক্তৃতা করবেন স্কুল শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধনের সর্বশেষ সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ৯ সেপ্টেম্বর। নিবন্ধনের জন্য যোগাযোগের ঠিকানা- ১. উশৈহ্লা মারমা, মোবাইল: ০১৫৩৭৩৩০০০৫ এবং ২. এডিশন চাকমা, মোবাইল: ০১৫৭৭২২৪০০০।

প্রতিযোগী যাচাই-বাছাইয়ের এখতিয়ার রেখেছে আয়োজক কমিটি। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৯:৩০ টায় বান্দরবান শহরস্থ মাস্টার গেস্ট হাউজে এই প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করা হবে।

এরপর ১৫ সেপ্টেম্বর, মাস্টার গেস্ট হাউজে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

আয়োজক কমিটির সদস্যরা বলেন, তরুণ সমাজের কাছে এম এন লারমা’র জীবন ও দর্শনকে পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্র সমাজ যাতে অধ্যয়নে অভ্যস্ত হয়ে গড়ে ওঠে তার অনুপ্রেরণা দিতে বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী। ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়াচরের মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এই ব্যক্তি। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতাও।