Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম September 17, 2026

ইউপিডিএফের ধর্মঘট উপেক্ষা করে যানবাহন চলাচল, গ্রামবাসীদের উচ্ছেদ ও গুলি করার হুমকি 

হিল ভয়েস, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিশেষ প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক, মাচালং বাজার, উজো বাজার, বাঘাইহাট বাজার, পর্যটন এলাকা ও উদয়পুর রোডে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীরা।

তবে স্থানীয় পরিবহন মালিক, চালক ও সাধারণ জনগণ সেই নির্দেশনা উপেক্ষা করেই যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছে বলে জানা গেছে।

এদিকে ইউপিডিএফ মাচালং বাজার সংলগ্ন গ্রামগুলোর মধ্যে এগুজ্জেছড়ি, ৭ নম্বর, ৮ নম্বর, গঙ্গারাম ও ব্রিজপাড়ার সাধারণ গ্রামবাসীরা যাতে চুক্তির পক্ষীয় লোকদেরকে সহায়তা না দেয় তার জন্য জোরজবরদস্তি করছে। আর কোনো ধরনের সহায়তা করলে গ্রামবাসীদের এলাকা থেকে উচ্ছেদ ও সরাসরি গুলি করার হুমকি প্রদান করা হয়েছে। এতে করে উক্ত গ্রামগুলোর সাধারণ গ্রামবাসীদের মধ্যে চরম প্রাণসংশয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়দের তথ্যমতে, এসব হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে ইউপিডিএফের একাধিক সশস্ত্র কমান্ডারের সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে। তাদের মধ্যে নেতৃত্বে রয়েছেন তথাকথিত কোম্পানি কমান্ডার রঞ্জন মনি চাকমা ওরফে আদে; প্লাটুন কমান্ডার সুপন চাকমা ওরফে রনি; সেকশন কমান্ডার রিপন চাকমা ওরফে জনম; প্লাটুন কমান্ডার গোপ্পো চাকমা ওরফে বিপ্লব; সেকশন কমান্ডার বানেশ্বর চাকমা ওরফে ধনেশ্বর।

এলাকাবাসীর দাবি, ইউপিডিএফের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সশস্ত্র হুমকির কারণে সাধারণ জুম্মদের স্বাভাবিক জীবনযাত্রা ও জীবিকা মারাত্মক হুমকিতে পড়েছে।