হিল ভয়েস, ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বরকল থানা শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্যামরতন চাকমা এই মন্তব্য করেন।
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬, বরকলে আয়োজিত উক্ত আলোচনা সভায় পাহাড়ী ছাত্র পরিষদের বরকল থানা শাখার সাধারণ সম্পাদক নিশান তালুকদারের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি ইলেন চাকমার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক জিতেশ চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাবেক সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা।
প্রধান অতিথি শ্যামরতন চাকমা বলেন, এম এন লারমা পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার এক মহানায়ক। তাঁর চেতনার মাধ্যমেই জুম্ম জনগণের রাজনৈতিক ও আত্মনিয়ন্ত্রণাধিকারের লড়াই সূচনা হয়েছিল।
তিনি আক্ষেপ করে আরো বলেন, অনেক শিক্ষার্থী মাস্টার্স ডিগ্রি অর্জন করেও অঞ্চলের প্রাথমিক রাজনৈতিক তথ্য বলতে পারেন না। তিনি তরুণ প্রজন্মকে শুধু এম এন লারমা নয়, তাঁর পরিবারের ত্যাগ ও লড়াইয়ের ইতিহাস পড়ার পরামর্শ দেন। ১৯৬০ সালে ছাত্রাবস্থাতেই কাপ্তাই বাঁধ নির্মাণের বিরুদ্ধে এম এন লারমার ঐতিহাসিক প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জনসংহতি সমিতির মূলনীতির আলোকেই সবাইকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
নিলাময় চাকমা বলেন, ব্রিটিশ শাসনের অবসানের পর পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীকে এক সুতোয় বেঁধে জুম্ম জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন এমএন লারমা। তাঁর সততা, নীতি ও আদর্শ চিরস্মরণীয়।
নীরিন্দা চাকমা তার বক্তব্যে জুম্ম জাতির অধিকার আদায়ে এম এন লারমার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নারী সমাজকে আন্দোলনের অগ্রভাগে যুক্ত হওয়ার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে পিসিপির জিতেশ চাকমা বলেন, এম এন লারমা ছিলেন একজন সত্যিকারের আদর্শিক শিক্ষক। বর্তমান শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের বরকল থানা শাখার সাধারণ সম্পাদক নমনিতা চাকমা, বরকল রাগীব রাবেয়া কলেজ সহ স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
সর্বশেষে সভাপতি ইলেন চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়।