Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার April 20, 2021

গুইমারায় ছাত্রলীগের সাবেক সভাপতি কর্তৃক এক জুম্ম শিক্ষিকা মারধরের শিকার

হিল ভয়েস, ২০ এপ্রিল ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সাগর চৌধুরী নামের গুইমারা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতির কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নিজ পাড়া কেন্দ্রের সামনে ক্রইনুচিং মারমা (৪০), পিতা-থুইসাপ্রু মারমা নামে এক জুম্ম নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ এপ্রিল ২০২১ সকাল ১১: ৩০ টার সময় এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া জুম্ম নারীটির বাড়ি গুইমারা উপজেলাধীন গুইমারা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর বুদুং পাড়া গ্রামে। তিনি অত্র পাড়া কেন্দ্রের শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১:৩০ টায় অভিযুক্ত সাগর চৌধুরী পাড়ায় এসে ফোনে কল করে পাড়া কেন্দ্রের সামনে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায় এবং সেখানেই কুপ্রস্তাব দেয়। নারীটি তার কুপ্রস্তাব প্রত্যাখান করে। এসময় সাগর চৌধুরী রেগে গিয়ে জুম্ম নারীকে ব্যাপক মারধর করে। পরে পাড়াবাসী এগিয়ে এলে সাগর চৌধুরী দ্রুত মোটর সাইকেলে করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গুইমারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযুক্ত সাগর চৌধুরী এর আগেও ছাত্রলীগ গুইমারা উপজেলার সভাপতি থাকাকালীন সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এমন অপকর্ম করতেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক গুইমারা উপজেলা ছাত্রলীগের একাধিক কর্মী হিল ভয়েস প্রতিনিধিকে জানিয়েছেন।