Tuesday, 22 Sep 2026
সংখ্যালঘু July 22, 2020

বাঘাইছড়িতে ধর্মশালা বন বিহারের ভান্তেকে কুপিয়ে হত্যার চেষ্টা

হিল ভয়েস, ২২ জুলাই ২০২০, রাঙ্গামাটি:  রাঙ্গামাটির বাঘাইছড়ি রুপকারী ইউনিয়নের দোখাইয়া ধর্মশালা বন বিহারের ধর্মীয় গুরু ভান্তে বোধিবৃক্ষ শ্রমনকে (৫৫) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বিত্তরা। তিনি মাইছড়ি এলাকার সুভাষ কার্বারীর ছেলে এবং পারিবারিক নাম তরুন জীবন চাকমা বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। তিনি বিহারে একাই বসবাস করতেন।

এ সময় বিহারে দান বাক্সের তালা ভেঙ্গে রক্ষিত আনুমানিক ৫০ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছে রুপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমা।

তিনি বলেন, বুধবার (২২ জুলাই) ভোর রাত ৩ ঘটিকায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বিত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় ভান্তে কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মাথায় আঘাত প্রাপ্ত বোধিবৃক্ষ শ্রমন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পরিচর্চায় রয়েছেন।

ধারনা করা হচ্ছে এলাকার মাদকাসক্ত যুবকরা টাকার লোভে তার উপর হামলা চালিয়ে থাকতে পারে।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।