Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার July 3, 2022

বান্দরবান সদর থেকে মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক মারমা যুবক অপহৃত

হিল ভয়েস, ৩ জুলাই ২০২২, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা সদর এলাকা থেকে সেনামদদপুষ্ট মগ পার্টি সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ মারমা যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার যুবকের নাম চসিংনু মারমা (২৯), পীং-ক্যসাচিং মারমা। তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘেরাও ভিতর পাড়া গ্রামে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন ২০২২ রাত আনুমানিক ৮:০০ টার দিকে উসাইনু মারমা ওরফে অনুমং এর নেতৃত্বে মগ পার্টি সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল বান্দরবান জেলা সদরের নতুন ব্রিজ নামক স্থান থেকে চসিংনু মারমাকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর মগ পার্টির এক চাঁদা সংগ্রাহক ও সেনাবাহিনীর সাথে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত প্রান্ত ঘোষ রনি নামে এক ব্যক্তি অপহৃত চসিংনু মারমার এক আত্মীয়র নিকট মোবাইল ফোনে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃত চসিংনু মারমা পেশায় বান্দরবানের সাচিং প্রু জেরীর গাড়ির ড্রাইভার বলে জানা গেছে।

এদিকে অপহৃতের আত্মীয়রা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। প্রথম প্রথম তারা অপহরণকারীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হলেও সর্বশেষ যোগাযোগ করতে পারছেন না বলে জানা গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতের মুক্তির খবর জানা যায়নি।