Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার August 22, 2022

মানিকছড়িতে সেটেলার যুবক কর্তৃক এক জুম্ম স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার শিকার!

হিল ভয়েস, ২১ আগস্ট ২০২২, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মানিকছড়ি উপজেলার সালদা বড় পাড়া এলাকায় অজ্ঞাত পরিচয় এক বাঙালি সেটেলার যুবক কর্তৃক পঞ্চম শ্রেণির এক আদিবাসী জুম্ম ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২০ আগস্ট ২০২২, সকাল আনুমানিক ১১:০০ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে ভুক্তভোগী স্কুলছাত্রী সেটেলার যুবকটির চেহারা দেখতে পেলেও তার নাম জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল বেলায় পরিবারের অন্যান্যরা কাজে বাড়ির বাইরে গেলে স্কুল ছাত্রিটি একাই বাড়িতে অবস্থান করছিল। সকাল ১১:০০ টার দিকে ধান শুকানোর কাজে ছাত্রিটি বাড়ির উঠোনে গেলে এক বাঙালি সেটেলার যুবক হঠাৎ ছাত্রিটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় ছাত্রিটি জোরে চিৎকার করলে বাঙালি সেটেলার যুবকটি ছেড়ে দেয়। এই সুযোগে ছাত্রিটিও সেটেলার যুবকটির কাছ থেকে সরে যায়। অপরদিকে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসার কথা জানতে পেরে সেটেলার যুবকটিও দ্রুত পালিয়ে যায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রিটির পরিবারের পক্ষ থেকে ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার ও কার্বারিকে জানানো হয়েছে বলে জানা গেছে।