Tuesday, 22 Sep 2026
নারী August 24, 2024

রাঙ্গামাটির বনরূপায় সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার শিকার

হিল ভয়েস, ২৩ আগস্ট ২০২৪, রাঙ্গামাটি: আজ ২৩ আগস্ট, আনুমানিক বিকাল ৪ টায় রাঙ্গামাটির শহরের ব্যস্ততম বাজার বনরূপা বাজারে মোঃ হাবিবুর রহমান (৫৫) নামে এক সেটেলার বাঙালি কর্তৃক দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক জুম্ম ছাত্রী (৭) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মোঃ হাবিবুর রহমানের বাড়ি শহরের রিজার্ভ বাজার মুখ এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রমতে, আজ বিকালে ভুক্তভোগী ছাত্রীটি মায়ের সাথে বনরূপা বাজারে আসে। তার মা বাজারে তরকারি বিক্রি করছিল। এ সময় ছাত্রীটি তার বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা বিল্ডিংয়ের উপরে উঠে যায়। বিল্ডিংয়ে আগে থেকে অবস্থান করা রাইছ মিয়া ছাত্রীটিকে বিল্ডিংয়ের একটা কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালালে ছাত্রীটির বন্ধুরা দেখতে পায়। তারা চিৎকার করে বাজারের মানুষদের ডেকে নিয়ে আসে এবং লোকজন মোঃ হাবিবুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা ধর্ষণের চেষ্টাকারীকে গণধোলাই দেয় এবং পুলিশের কাছে সোপর্দ করে।

পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার চেষ্টা চলছে বলে পরিবারের সূত্রে জানা গেছে।