হিল ভয়েস, ৮ মে, ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপায়ন চাকমাকে (৪০) পিসিজেএসএস কর্তৃক অপহরণের যে দাবি ‘সিএইচটি নিউজ’ করেছিল, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। খোদ ভুক্তভোগী শিক্ষক নিজেই এই অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন।
গত ৭ মে ২০২৬ তারিখে ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসীবাহিনী কর্তৃক পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ‘সিএইচটি নিউজ’-এ একটি সংবাদ প্রচারিত হয়। সেখানে দাবি করা হয়েছিল যে, পিসিজেএসএস-এর সদস্যরা দীপায়ন চাকমাকে অপহরণ করেছে। এই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় বিভ্রান্তি ও উত্তেজনার সৃষ্টি হয়।
আজ শুক্রবার ৮ মে ২০২৬, দীপায়ন চাকমা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই খবরের সত্যতা নাকচ করে দেন। তিনি জানান, তাকে অপহরণের বিষয়টি সম্পূর্ণ সাজানো এবং বিভ্রান্তিকর।
পোস্টে তিনি লেখেন:
“সিএইচটি নিউজে” আমাকে নিয়ে অপহরণ খবরের বিষয়টি সম্পূর্ণ বিভ্রান্তি করা হয়েছে। এই ধরনের ঘটনা খুবই হতাশাজনক এবং সুভাষ চাকমা দাদার সাথেও কোনো ঘটনা ঘটেনি। আমাকে তিনি ছোট ভাই হিসেবে মনে করে।
সংবাদটিতে পিসিজেএসএস নেতা সুভাষ চাকমার নাম জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছিল, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
তিনি জানান, সুভাষ চাকমার সাথে তার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং সুভাষ চাকমা তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, রাজনৈতিক ফায়দা লুটতে এবং পিসিজেএসএস-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ইউপিডিএফ সংশ্লিষ্ট প্রচারমাধ্যমটি এই ধরনের ‘ফেক নিউজ’ বা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।