Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম January 29, 2025

ইউপিডিএফ কর্তৃক অপহৃত দুই গ্রামবাসীকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি

হিল ভয়েস, ২৮ জানুয়ারি ২০২৫, খাগড়াছড়ি: পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক পানছড়ির ধুদুকছড়া থেকে অপহৃত দুই গ্রামবাসীকে মুক্তিপণের বিনিময়ে মুক্তিপ্রদান করা হয়েছে বলে জানা গেছে।

একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, গতকাল সোমবার (২৭ জানুয়ারি) ইউপিডিএফ এর কোম্পানী কমান্ডার সুমেন, পানছড়ি ইউনিট পরিচালক আইশুক, পানছড়ির চীফ কালেক্টর বিকাশ ও গ্রুপ কমান্ডার পবিত্র চাকমার নেতৃত্বে সন্ত্রাসীরা অপহৃত সাগর চাকমার পরিবারের কাছ থেকে ৪ লক্ষ টাকা আর নয়ন জ্যোতি চাকমার পরিবারের কাছ থেকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করে পানছড়ির তারাবন ছড়া থেকে তাদেরকে ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৫ সকাল ৭.৩০ ঘটিকার সময় নিকোলাস চাকমা, পবিত্র চাকমা, সুজয় চাকমা, রবি চাকমা, আপন চাকমার নেতৃত্বে ২০-৩০ জন ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী ধুদুকছড়া গ্রামে প্রবেশ করে নয়নজ্যোতি চাকমা (৪৩), সাগর চাকমা (৪৫) নামে দুই গ্রামবাসীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহৃত নয়ন জ্যোতি চাকমার মুক্তিপণ হিসেবে ১২ লক্ষ ও সাগর চাকমার মুক্তিপণ হিসেবে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ইউপিডিএফ।