হিল ভয়েস, ২৫ জুলাই ২০২৬, খাগড়াছড়ি: পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসীদের কর্তৃক খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন এলাকা পঞ্চাশোর্ধ বয়সী এক নিরীহ গ্রামবাসী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যক্তির নাম প্রকৃতি রঞ্জন চাকমা (৫২), পীং- হিরালাল চাকমা এবং বাড়ি বাবুছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে রোক চন্দ্র মহাজন পাড়া বলে জানা গেছে। তার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৪ জুলাই) ইউপিডিএফ-এর স্থানীয় চাঁদা সংগ্রাহক নয়ন চাকমার নেতৃত্বে ইউপিডিএফ (প্রসিত)-এর একটি সশস্ত্র দল প্রকৃতি রঞ্জন চাকমাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। কী কারণে অপহরণ করা হয় তা জানা যায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতের মুক্তির খবর জানা যায়নি এবং কোথায় রাখা হয়েছে তাও জানা যায়নি। এদিকে তাদের পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে, এলাকাবাসী নিরীহ প্রকৃতি রঞ্জন চাকমাকে অপহরণের ঘটনায় ইউপিডিএফের উপর গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।