Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার May 21, 2026

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবাষিকীতে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান

হিল ভয়েস, ২০ মে ২০২৬, ঢাকা: ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ বুধবার (২০ মে) পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয়ভাবে উত্থাপিত সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে এগিয়ে আসবে।

প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্তী রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সাংবাদিক সন্তোষ শর্মা, রঞ্জন কর্মকার, এ্যাডভোকেট তাপস পাল, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাস, শিমুল সাহা, দিপংকর চন্দ্র শীল, জয়া ভট্টাচার্য, সুপ্রিয়া ভট্টাচার্য প্রমুখ। সভা পরিচালনা করেন মনীন্দ্র কুমার নাথ।

আলোচকবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ৭২-র গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সংবিধান আজ বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক। তারা বিভিন্নভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার। এ বৈষম্যের অবসানে আলেনাচনা সভায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।