Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার February 11, 2021

কাউখালীর বর্মাছড়িতে র‌্যাব কর্তৃক এক জুম্ম ব্যবসায়ীকে আটক

হিল ভয়েস, ১০ ফেব্রুয়ারি ২০২১, রাঙ্গামাটি: গতকাল ৯ ফেব্রুয়ারি ২০২১ সকালের দিকে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাধীন ফটিকছড়ি ইউনিয়নের বর্মাছড়ি বাজার এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল ডালিম চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

আটক ডালিম চাকমার বাড়ি ফটিকছড়ি ইউপি’র বর্মাছড়ি মুখ এলাকার। তার পিতার নাম মন মোহন চাকমা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। বর্মাছড়ি বাজারে তার একটি সমিল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালের দিকে ডালিম চাকমা বর্মাছড়ি বাজারে তার নিজ সমিলে কাজ করছিলেন। এ সময় র‌্যাব-৭ এর একটি দল সেখান থেকে তাকে আটক করে।

আটকের পর তাকে সারাদিন র‌্যাবের হেফাজতে রাখার পর রাত ১২টার দিকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে ‘গাঁজা চাষ’ করার মিথ্যা অভিযোগ এনে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।