হিল ভয়েস, ৫ জুন ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার উত্তর দেবতাছড়ি গ্রামের গ্রামবাসীরা পর্যটকদের বেপরোয়া যাতায়াত, অসংলগ্ন আচরণ ও বিরক্তিকর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে তাদের গ্রামে পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
গ্রামবাসীরা সামাজিক মাধ্যমে আজ শুক্রবার (৫ জুন ২০২৬) হতে উত্তর দেবতাছড়ি গ্রামে সকল প্রকার পর্যটকের প্রবেশ নিষিদ্ধ করা হলো ঘোষণাও করেছেন। পর্যটকদের দ্বারা সম্ভাব্য দুর্ঘটনা ও উপদ্রব থেকে গ্রামের স্বাভাবিক পরিবেশ রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে তারা দাবি করেছেন। স্থানীয় বিভিন্ন গ্রামবাসীর সূত্রেও গ্রামবাসীদের এই সিদ্ধান্তের সত্যতা পাওয়া গেছে।
‘তঞ্চঙ্গ্যা ফিল্ম সোসাইটি’ নামক এক ফেসবুক পেইজে উল্লেখ করা হয়েছে- ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কাপ্তাই উপজেলাধীন উত্তর দেবতাছড়ি গ্রামে ইদানিং আশংকাজনক হারে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পর্যটকেরা নেশাদ্রব্য পান, সাউন্ড বক্স বাজিয়ে উচ্চস্বরে চিৎকার করছে। বিভিন্ন সময়ে সুড়ঙ্গ, ঝর্ণা ও ঝিড়িতে বিকিনি পরে নারীদের ঘোরাফেরা সহ আপত্তিকর অবস্থায় কিছু নারী-পুরুষ ভিডিও/ছবি ধারণ করতে দেখা যাচ্ছে। এ নিয়ে গ্রামবাসীর সাথে পর্যটকদের কথা কাটাকাটি হচ্ছে। বেশ কিছু পর্যটকের ফোন থেকে ঐসব আপত্তিকর ছবি/ভিডিও ডিলিট করে দিতে বাধ্য হচ্ছে এলাকাবাসীরা।’
এতে আরও উল্লেখ করা হয়েছে- ‘আমরা গ্রামীণ মানুষ। আমাদের গ্রামটি কোনো পর্যটন এলাকা নয়। তাই এই গ্রামে পর্যটন করা থেকে বিরত থাকার জন্য পাহাড়ি/বাঙালি সকলকে অনুরোধ করা হলো।
পর্যটকের প্রবেশ ঠেকাতে পার্শ্ববর্তী সাক্রাছড়ি, ছোট পাগলী, মহাজন পাড়া, দক্ষিণ দেবতাছড়ির যুব সমাজ ও গ্রামবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’