Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার December 17, 2021

কাপ্তাইয়ে সেনামদদপুষ্ট সন্ত্রাসী মগ পার্টি কর্তৃক দুই ব্যক্তিকে অপহরণ, টাকার বিনিময়ে মুক্তি

হিল ভয়েস, ১৬ ডিসেম্বর ২০২১, রাঙ্গামাটি: সেনামদদপুষ্ট সন্ত্রাসী মগ পার্টি কর্তৃক রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার অন্তর্গত রাইখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুই নিরপরাধ ব্যক্তিকে অপহরণের পর টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অপহরণের শিকার ব্যক্তিরা হলেন- চনুমং মারমা (৪০), পীং- মৃত চশেঅং মারমা, গ্রাম- নারানগিরি বড় পাড়া, ৯ নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, চন্দ্রঘোনা থানা, কাপ্তাই উপজেলা ও মিরাঙ্গ তঞ্চঙ্গ্যা (৪২), পীং- মৃত গোপাল তঞ্চঙ্গ্যা, গ্রাম- গবছড়া পাড়া, ৯ নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউনিয়ন, চন্দ্রঘোনা থানা, কাপ্তাই উপজেলা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বাঙ্গালহালিয়া বাজারে সাপ্তাহিক হাটের দিনে বাজারে গেলে ভুক্তভোগী দুইজনকে মারমা লিবারেশন পার্টি (মগ পার্টি)র সেকেন্ড ইন কমান্ড মংক্যচিং মারমা ও মংসিনু মারমারসহ আরো ৪/৫ জন মিলে অস্ত্র টাক করে দুপুর ১২.৩০ টার সময় অপহরণ করে নিয়ে যায়।

পরে পাড়ার কার্বারী ও আত্মীয়স্বজন অপহরণকারীদের সাথে দেখা করতে গেলে চুনুমং মারমাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে একই দিনে ৪ টার সময় মুক্তি দেওয়া হয়।

অপরদিকে, মিরাঙ্গ তঞ্চঙ্গ্যাকেও একইভাবে কার্বারী ও আত্মীয়স্বজন দেখা করতে গেলে ষাট হাজার টাকার মুক্তিপণের বিনিময়ে পরের দিন ১৫ ডিসেম্বর (বুধবার) মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, অপহৃত দুই ব্যক্তিকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে ।