Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার June 8, 2026

গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ প্রকাশ

হিল ভয়েস, ৭ জুন ২০২৬, গাইবান্ধা: গাইবান্ধা জেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে স্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেবার মহলবিশেষের সাম্প্রদায়িক হুমকির অব্যাহত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ কর্তৃক স্বাক্ষরিত শনিবার (০৬ জুন) রাত আনুমানিক ১১টায় সংবাদপত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, হামলার হুমকিসম্বলিত এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হবার ফলে স্থানীয় জনগণসহ সারা দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী গভীরভাবে শঙ্কিত ও সন্ত্রস্ত। তারা যেকোন মুহূর্তে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কা করছে।

এমনতরো পরিস্থিতিতে ঐক্য পরিষদ স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে সরকার, প্রশাসন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জোর আবেদনের পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানীদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য যে মন্দিরে দেব-দেবীর বিগ্রহ ছাড়াও বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ নানান জনকল্যাণমূলক প্রতিষ্ঠানাদি রয়েছে| এছাড়াও মন্দিরের উন্নয়ন কার্যক্রম বেশ কিছু কাল ধরে চলমান রয়েছে।