হিল ভয়েস, ১৮ জুন ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া গ্রামে ৪ জন মারমা যুবক কর্তৃক এক মারমা বিধবা নারী (২৭) গণধর্ষণের শিকার হয় বলে জানা গেছে।
এই ঘটনায় ম্রাসা মারমা (৩৫) নামে একজনকে ধরে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে। অভিযুক্ত ম্রাসা মারমার বাড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়ইতলী গ্রামে। তার পিতার নাম মৃত আরে মারমা বলে জানা যায়।
সূত্র মোতাবেক, গত ১৩ জুন ২০২৬ অভিযুক্ত ব্যক্তি কর্তৃক ওই ভুক্তভোগী নারীকে আকিজ গ্রুপে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে চট্টগ্রামে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে তাকে কোনো চাকরি ব্যবস্থা করে না দিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে অভিযুক্ত ম্রাসা মারমসহ আরো ৩ জন বন্ধু ছিলো বলে জানা যায়। পরে তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রথমে ভুক্তভোগী নারীকে ঘুমের ঔষধ খাওয়ানো হয় এবং পালাক্রমে ধর্ষণ করা হয়।
আরো জানা যায়, উক্ত ঘটনার পরদিনই ভুক্তভোগী মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তখনো বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে গতকাল বুধবার (১৭ জুন) সন্ধ্যয় তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তাদের পাশের এলাকার বাসিন্দা। সে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নাম করে ভুক্তভোগীকে চট্টগ্রামে নিয়ে যান। কিন্তু চাকরির কোনো ব্যবস্থা করে না দিয়ে হাটহাজারীতে একটি বাসায় নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। এই ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এই দিকে উক্ত ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও ভুক্তভোগী দুই গ্রামের বাসিন্দা হওয়ায় কুকিছড়া ও বড়ইতলীর কার্বারি ও মুরুব্বিরা মিলে আলোচনা সাপেক্ষে অভিযুক্ত ম্রাসা মারমাকে আটক করে আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে গুইমারা থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে সর্বশেষ জানা যায়।