হিল ভয়েস, ১১ জুন ২০২৬, রাঙ্গামাটি: পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীরা রাঙ্গামাটি জেলাধীন কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের অন্তত ৭টি গ্রামে সিএনজি চলাচলের উপর শর্তারোপ করেছে বলে সিএনজি মালিকদের জানিয়ে দিয়েছে। সেসব শর্ত ভঙ্গ করলে অসুবিধা হবে বলেও হুমকি দেয় সন্ত্রাসীরা।
গত ৭ জুন ২০২৬ ইউপিডিএফের সশস্ত্র দলের কমান্ডার তারেঙ চাকমা ও তার সহকারী শান্তি চাকমা মোবাইলে ফোন করে ওই এলাকার সিএনজি মালিক সমিতির সভাপতি হিমাংশু চাকমা ও সম্পাদক পুর্ণ বিকাশ চাকমাকে উক্ত শর্তারোপের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
শর্তগুলি নিম্নরূপ:
১) সাতটি গ্রামের সকল সিএনজি সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলাচল করতে পারবে।
২) সন্ধ্যা ৬ টার পর হতে কোনো সিএনজি গ্রামের বাহিরে কিংবা গ্রামের মধ্যেও চলাচল করতে পারবে না।
৩) নোয়াদাম পাড়ার পার্শ্ববর্তী যা জঙ্গল রয়েছে একদিনের মধ্যে পরিষ্কার করতে হবে।
যেসব গ্রামে সিএনজি চলাচলে এই শর্তাবলী আরোপ করা হয়, সেগুলি হল- ঘাগড়া ইউনিয়নের ৯ নং ওর্য়ডের লেবার পাড়া, বাদলছড়ি পাড়া, নোয়াদাম পাড়া, চেলছড়া পাড়া, আড়াঙি পাড়া, হজোইছড়ি পাড়া ও ঘিলাছড়ি পাড়া।
এদিকে সিএনজি মালিকরা ও গ্রামবাসীরা ইউপিডিএফের এই সিদ্ধান্তকে মানতে পারছেন না এবং বিপদজনক ও অবাস্তব মনে করছেন বলে জানা গেছে। তাদের যুক্তি হলো, বিপদে-আপদে, বিশেষ করে অসুখে-বিসুখে বা জরুরি কাজে ইউপিডিএফের এই শর্তাবলী চরম ভোগান্তির সৃষ্টি করবে। কিন্তু অস্ত্র ও হুমকির মুখে জনগণ কিছু বলতে পারছেন না বলেও জানা গেছে।