Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম September 16, 2026

চট্টগ্রামে এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গান, ছড়া, কবিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

হিল ভয়েস, ১৬ সেপ্টেম্বর ২০২৬, চট্টগ্রাম: গতকাল (১৫ সেপ্টেম্বর) জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ব্যারিস্টার সুলতান চৌধুরী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গান পরিবেশনা, কবিতা ও ছড়া আবৃত্তি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য শরৎ জ্যোতি চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অনিল বিকাশ চাকমা, ফোরামের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সোনাবি চাকমা, আদিবাসী ফোরামের চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি জুনিয়া ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আদর্শ চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অন্বেষ চাকমা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী মোহাম্মদ আমান মাসুদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাহাড়ী শ্রমিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জগৎ জ্যোতি চাকমা এবং সভা সঞ্চালনা করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ চাকমা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, অবিভাবক ও ২০২৬ এর এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মহান নেতা এম এন লারমার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন চট্টগ্রাম বন্দর এলাকার হিল একাডেমির শিক্ষিকা নিরতা চাকমা। এরপর গান পরিবেশন করেন মডেলটি চাকমা, বৃষ্টি চাকমা ও নবয় তঞ্চঙ্গ্যা, কবিতা পাঠ করেন শ্রেয়সি চাকমা, মডেলটি চাকমা এবং ছড়া পাঠ করেন পূর্ণতা তালুকদার। এর পরপরই ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং আয়োজনকে পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বইপত্র উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি শরৎ জ্যোতি চাকমা বলেন, আজ মহান নেতা এম এন লারমা জন্মদিন। আজকের এই দিনটি যথাযথ মর্যাদার সহিত গ্রামগঞ্জ থেকে শহর বন্দরে পালন করা হচ্ছে। তিনি বলেন, এম এন লারমার নীতি আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে সামিল হতে হবে।

অনিল বিকাশ চাকমা বলেন, আমরা আদিবাসী জনগোষ্ঠী, মহান নেতা এম এন লারমার আদর্শ, চিন্তা-চেতনা ধারণ করা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তিনি কৃতি শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং মহান নেতা এম এন লারমার আদর্শ, চিন্তা-চেতনা লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

মোহাম্মদ আমান মাসুদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মহান নেতা এম এন লারমার আদর্শকে ধারণ করে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আদর্শ চাকমা বলেন, এম এন লারমা একজন আদর্শিক, ত্যাগী ও নির্যাতিত, নিপীড়িত অধিকারহারা গণমানুষের নেতা।

অন্বেষ চাকমা বলেন, জুম্ম জনগণের জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা এম এন লারমা এমন একজন মানুষ যে মানুষের জন্ম না হলে আমরা অধিকার-স্বাধিকার কী জিনিস তা জানতে পারতাম না।