Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 12, 2026

তংপ্রু পাড়ায় যুবসমাজের সঙ্গে পিসিপি বান্দরবান জেলা শাখার মতবিনিময়

হিল ভয়েস, ১২ আগস্ট ২০২৬, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বান্দরবান জেলা শাখার উদ্যোগে তংপ্রু পাড়ার স্থানীয় যুবক-যুবতীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা, সামাজিক সচেতনতা, যুবসমাজের ভূমিকা, নারী অধিকার এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গতকাল ১১ আগস্ট ২০২৬ বিকেলে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে তংপ্রু পাড়ার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, শিক্ষার হার বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় সে বিষয়ে অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে স্থানীয় যুবসমাজকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ।

আলোচনায় যুবসমাজকে নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে তা মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একজন সচেতন যুবকের জাতীয় ও জন্মভূমির প্রতি দায়িত্ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ বিনির্মাণে যুবদের ভূমিকা এবং সাংগঠনিক ঐক্যের গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা হয়। অধিকার ও ন্যায্য দাবি আদায়ে পারস্পরিক সহযোগিতা এবং পার্বত্য এলাকার আন্দোলন-সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপটও সভায় তুলে ধরা হয়।

এছাড়া, নারী সমাজকে আরও অধিকার সচেতন ও আত্মনির্ভরশীল করে তোলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমাজের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের সার্বিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে পাহাড়ের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি উশৈহ্লা মারমা, সহ-সাধারণ সম্পাদক উবাথোয়াই মারমা, বান্দরবান সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জেকিপ্রু মারমা, তংপ্রু পাড়ার যুব নেতৃবৃন্দ এবং বান্দরবান জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।