হিল ভয়েস, ১৬ আগস্ট ২০২৬, রাজশাহী: রাজশাহীর তানোরে মো. হাফিজ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি কর্তৃক এক আদিবাসী গৃহবধূকে (২৫) তার নিজ বাড়িতে ঢুকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অভিযুক্ত মোঃ হাফিজ মণ্ডল উপজেলার সরনজাই ইউনিয়নের নবনবী গ্রামের মৃত আজিজ মণ্ডলের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী নারী আদিবাসী মাল পাহাড়িয়া সম্প্রদায়ের সদস্য।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাফিজ মণ্ডল দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিলেন। বিষয়টি তিনি তাঁর স্বামী ও স্বজনদের জানালে অভিযুক্ত তাঁর ওপর ক্ষিপ্ত হন। গত ১০ আগস্ট ২০২৬ দুপুরে ভুক্তভোগীর স্বামী কাজের উদ্দেশ্যে ফরিদপুরে যান। ওই রাতে খাবার শেষে সন্তানদের নিয়ে তিনি শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। বিদ্যুৎ চলে গেলে গরমের কারণে তাঁরা ঘরের বারান্দায় এসে ঘুমান।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই দিন ১১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক দেড়টার দিকে হাফিজ মণ্ডল ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দেন। একপর্যায়ে তিনি বারান্দায় থাকা গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে অভিযুক্ত হাফিজ মণ্ডল প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগী তানোর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্ত হাফিজ মণ্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।