হিল ভয়েস, ১৩ মার্চ ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক জুম্ম নারী মারধর ও হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত পরশু (১১ মার্চ) রাত আনুমানিক ৭টার দিকে বাবুছড়া ইউনিয়নের ডিপি পাড়ায় এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর সূত্রে খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী নারীর নাম নবিনা চাকমা (২৫), পিতা-মৃত অরুণ কুমার চাকমা, গ্রাম-ডিপি পাড়া, বাবুছড়া।
জানা গেছে, ইউপিডিএফের সন্ত্রাসী গ্রুপের পোস্ট পরিচালক অমর চাকমা, চীফ কালেক্টর রুবেল চাকমা ও নয়ন চাকমার নেতৃত্বে সশস্ত্র একটি দল ঐ সময় নবিনা চাকমার বাড়ি এসে থাপ্পর ও ঘুষি দিয়ে মারধর করে। এছাড়া সন্ত্রাসীরা নবিনা চাকমাকে তার ভাই টনক চাকমার সাথে যোগাযোগ রাখলে নবিনা চাকমা ও তার মা ইন্দ্রাদেবী চাকমাকে ঐ এলাকায় থাকতে দেবে না এবং তাদের যা ইচ্ছে তাই করবে বলেও হুমকি প্রদান করে।
উল্লেখ্য, নবিনা চাকমার ভাই টনক চাকমা একজন পার্বত্য চুক্তির সমর্থক বলে জানা গেছে।