হিল ভয়েস, ৩০ জুলাই ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার নান্যাচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাঙামুড়া গ্রামে তিনজনের বাড়িতে সেনাবাহিনীর একটি দল ব্যাপক তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২:০০ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙামুড়া গ্রামের বাসিন্দা মৃত শান্তি কুমার চাকমার ছেলে- জীবন চাকমা (৪২), জুনেন চাকমা (৩৭) ও সোহাগ বসু চাকমা (৩৬) নামে তিনজনের বাড়ি তল্লাসী করে বুড়িঘাট সাব-জোনের একদল সেনাবাহিনীর সদস্য৷
সেনা সদস্যরা সন্ত্রাসী খোঁজার নামে বাড়িতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায় এবং বাড়ির আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ করে দেয়।
তল্লাশির পর কোনো প্রকার অবৈধ জিনিস পাওয়া যায়নি। যাওয়ার পূর্বে সেনা সদস্যরা স্মার্টফোন দিয়ে বাড়ির ভিডিও চিত্র ধারণ করে সেখান থেকে চলে যায়।
সেনাবাহিনীর এহেন তৎপরতায় এলাকায় চরম উৎকন্ঠা দেখা দিয়েছে৷