হিল ভয়েস, ৭ মে ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের জুম্ম অধ্যুষিত বিভিন্ন গ্রামে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সামরিক অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই সামরিক অভিযানে ইতোমধ্যে ২ জুম্ম গ্রামবাসীর বাড়িতে ব্যাপক তল্লাসি এবং এক গ্রামবাসীকে অমানবিকভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনাবাহিনীর পানছড়ি সাব জোনের কমান্ডার মেজর আয়ন ও ডুমবিল অস্থায়ী সেনা ক্যাস্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ এর নেতৃত্বে প্রায় ২০ জন সেনা সদস্য এবং ধুধুকছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য যৌথভাবে আজ (৭ মে) সকাল ১০টার দিকে এই সামরিক অভিযান শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সামরিক অভিযান শুরুর পরপরই সেনা ও বিজিবি সদস্যরা রূপসেন পাড়া সীমান্ত সড়কে নাক্কো চাকমার মালিকানাধীন একটি দোকানে ও বাড়িতে ব্যাপক তল্লাসি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয় ও হয়রানি করে।
অপরদিকে সেনা ও বিজিবি সদস্যরা সীমানাপাড়া গর্জনতলী গ্রামে রূপান্ত চাকমা নামে এক গ্রামবাসীর বাড়িতেও ব্যাপক তল্লাসি চালায় এবং রূপান্ত চাকমার হাত-পা বেঁধে ‘জেএসএস কোথায় থাকে? হাতিয়ার কোথায় রেখে গেছে?’ ইত্যাদি প্রশ্ন করে গালে থাপ্পড়-ঘুষি মেরে নির্যাতন করে। এভাবে ২/৩ ঘন্টা আটক ও নির্যাতন করে রূপান্ত চাকমাকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া ক্যাপ্টেন মাহফুজ এর নেতৃত্বে একদল সেনা সদস্য বাবুড়োপাড়া সড়কে গাড়ি যাতায়াতের সময় গাড়ি ও যাত্রীদের তল্লাসি চালাচ্ছে বলেও জানা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত, বর্তমানে অভিযানকারী সেনা ও বিজিবি সদস্যরা রূপসেনা পাড়া, ধুধুকছড়া, সীমানাপাড়া, জগপাড়া, ভারতবর্ষ পাড়া, মগপাড়া ইত্যাদি এলাকায় চলাচলকারী জনগণকে এবং এইসব এলাকায় যাতায়াতকারী গাড়ি থামিয়ে যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাসি চালাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ডুমবিল, সিনালা, কৃষ্ণমনি পাড়া, জগপাড়া ইত্যাদি এলাকায় তাবু টানিয়ে সেনা ও বিজিবি সদস্যরা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।