Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম July 8, 2026

পার্বত্যমন্ত্রীকে স্বপদে পুনর্বহাল এবং প্রতিমন্ত্রীকে অপসারণের দাবিতে রাঙ্গামাটিতে আবারও নাগরিক সমাজের মানববন্ধন

হিল ভয়েস, ৭ জুলায় ২০২৬, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে স্বপদে পুনর্বহাল এবং মীর হেলাল উদ্দিন এমপিকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবিতে রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি নাগরিক সমাজ আবারো মাঠে নেমে মানববন্ধন আয়োজন করেছে।

আজ মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর উদ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাঙ্গামাটির শত শত বিভিন্ন শ্রেণি-পেশার, পাহাড়ি-বাঙালি জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে জানা যায়।

রাঙ্গামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বালুখালী ইউপির সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা ও নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তিনি পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে সমানভাবে আস্থাভাজন ও জনপ্রিয় একজন নেতা। অথচ দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করেছে।

বক্তারা আরও বলেন, সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে, পাহাড়ের যোগ্য সন্তানকে তাঁর পদে বহাল রাখাই হবে সঠিক সিদ্ধান্ত।

বক্তারা অবিলম্বে দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহাল এবং বিতর্কিত প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর আহ্বান জানান।