Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার August 9, 2026

প্রশাসনিক বাধার মুখে পড়ে বান্দরবানে আদিবাসী দিবস পালনে অনিশ্চয়তা: স্থানীয় আদিবাসীদের ক্ষোভ প্রকাশ 

হিল ভয়েস, ৯ আগস্ট ২০২৬, বান্দরবান: আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনকে কেন্দ্র করে বান্দরবানে একের পর এক মিলনায়তন বরাদ্দ বাতিল করার অভিযোগ উঠেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে। জেলা পরিষদের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন বান্দরবানের আদিবাসী প্রতিনিধিরা।

বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সূত্রে জানা যায়, আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের লক্ষ্যে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমটি বরাদ্দ নেয়া হয় এবং অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়। গত ২৭ জুলাই হল রুমটি বরাদ্দ পাওয়ার মাত্র কয়েক দিন পর ৩০ জুলাই জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই মৌখিকভাবে এই বরাদ্দ বাতিলের কথা জানান।

পরবর্তীতে আয়োজক কমিটি জেলা পরিষদের সাথে যোগাযোগ করলে তাদের বান্দরবান টাউন হল ব্যবহারের জন্য আবেদন করতে বলা হয়। আবেদন সাপেক্ষে গত ৫ আগস্ট টাউন হলটি তাদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বরাদ্দ দেয়ার মাত্র তিন দিনের মাথায়, ৮ আগস্ট আজ পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চিঠির মাধ্যমে উক্ত টাউন হলের বরাদ্দও বাতিল করেন। প্রেরিত চিঠিতে প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যবস্থাপনাগত ত্রুটির অজুহাত দেখিয়ে হল বরাদ্দ দিতে অপারগতা প্রকাশ করা হয়।

পার্বত্য জেলা পরিষদের এই ঘন ঘন সিদ্ধান্ত বদল নিয়ে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় আদিবাসী সমাজের মধ্যে।

তবে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই জানান, এই হল বরাদ্দ বাতিলের পেছনে তার ব্যক্তিগত কোনো হাত নেই। সরকারের একটি মহলের চাপের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরই আদিবাসী দিবস উদযাপনে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও অপরাজনৈতিক দল, পার্বত্য নাগরিক পরিষদ এবং বিভিন্ন সমপ্রীতি জোটের পক্ষ থেকে এ দিবস পালনে ধারাবাহিক বাধা প্রদান করা হচ্ছে বলে দাবি স্থানীয় আদিবাসীদের। আয়োজনের ঠিক আগমুহূর্তে পরপর দুটি মিলনায়তনের বরাদ্দ বাতিল হওয়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে এবারও বড় ধরনের অনিশ্চয়তা ও প্রশাসনিক বাধার মুখে পড়েছে আয়োজক কমিটি।