Tuesday, 22 Sep 2026
নারী August 28, 2026

বরকলে মহিলা সমিতির থানা কমিটির ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন: ২৩ সদস্যের নতুন কমিটি গঠন

হিল ভয়েস, ২৭ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে ইস্পাতদৃঢ় জুম্ম জাতীয় ঐক্য গড়ে তোলা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির বরকল থানা কমিটির ৬ষ্ঠ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬, অনুষ্ঠিত উক্ত সম্মেলন ও কাউন্সিলে আগামী কার্যকালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন থানা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সুচরিতা চাকমা (গ্লোরী মা) সভাপতি, সুচরিতা চাকমা (অমিতের মা) সাধারণ সম্পাদক এবং বিউটি দেওয়ান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমা।

বরকল থানা কমিটির সভাপতি শকুন্তলা চাকমার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুচরিতা চাকমার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনি চাকমা।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির স্টাফ সদস্য বিধান চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫নং বড় হরিণা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক নিলাময় চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সদস্য মানবিকা দেওয়ান, আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাংগামাটি জেলা কমিটির সভাপতি রিতা চাকমা, বরকলের কার্বারি এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে মনি চাকমা সমাজ অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনকে সাথে নিয়ে জুম্ম জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভূমি বেদখল ও নারীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান আলোচক বিধান চাকমা মানবেন্দ্র নারায়ণ লারমার অনুপ্রেরণায় ১৯৭৫ সালে মহিলা সমিতি প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন। তিনি পার্বত্য চুক্তির আলোকে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার না হওয়া এবং চুক্তি মোতাবেক মন্ত্রী হবেন অবাঙালি কিন্তু বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মীর হেলালকে প্রতিমন্ত্রী করায় সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে চুক্তি লঙ্ঘনের সমালোচনা করেন।

রিনা চাকমা জুম্ম নারীদের অধিকার আদায়ে ক্ষয়িষ্ণু সামন্তীয় সমাজব্যবস্থা ভেঙে আন্দোলনে বেগবান করার আহ্বান জানান।

মানবিকা দেওয়ান প্রগতিশীল সমাজ গঠনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে পার্বত্য চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নে জোর দেওয়ার ওপর গুরুত্ব দেন।

নন্দ বিকাশ চাকমা নারী সমাজকে সংগঠিত করে পার্টির সাথে আন্দোলনে সামিল হওয়া এবং গ্রাম পর্যায়ে নারীদের রাজনৈতিক ও অধিকার সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটিকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে এযাবৎ কালে লড়াই-সংগ্রামে জীবন উৎসর্গকারী ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। বিদায়ী সভাপতি শকুন্তলা চাকমা সমাপনী বক্তব্যের মাধ্যমে নতুন কমিটিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের বরকল থানা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।