Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 22, 2026

বাঘাইছড়ির সাজেকে বর্গা শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়: পিসিপির সরেজমিন পরিদর্শন‎

হিল ভয়েস, ২১ আগস্ট ২০২৬, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মিত শিক্ষক উপস্থিতি এবং বর্গা (প্রক্সি) শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সহ-সভাপতি উদ্দীপন চাকমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শনে গেলে এসব অনিয়ম ও তীব্র অবকাঠামো সংকটের চিত্র সামনে আসে।

‎এ সময় প্রতিনিধিদলটি সরেজমিন গিয়ে দেখতে পায়, দুই রুমে গাদাগাদি করে বসা শিক্ষার্থীদের পড়াচ্ছেন জয়ন্ত চাকমা ও নির্মল চাকমা নামের স্থানীয় দু’জন জুম্ম গ্রামবাসী।



‎তাঁরা জানন, বিদ্যালয়ে অবকাঠামো সংকট হওয়াতে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের একরুমে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের যৌথভাবে এক রুমে বসিয়ে ক্লাস করতে হয় তাদের।

‎অন্যদিকে, প্রতিনিধি দলটি বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে জানানো হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চাকমা অফিসিয়াল কাজে বাঘাইছড়ি উপজেলা সদরে অবস্থান করছেন। তবে অন্যান্য শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

‎অবশ্য পরে স্থানীয়দের থেকে পিসিপির প্রতিনিধি দলটি জানতে পারে, অনিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকা শিক্ষকরা এখনো নিজেদের প্রাপ্ত বেতন থেকে নামমাত্র সম্মানীর বিনিময়ে স্থানীয় বর্গা শিক্ষক নিয়োগ দিয়ে তাদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করছেন।

‎ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয়।

‎উল্লেখ্য, সাজেকের ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাঘাইছড়ি উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনার অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকে বর্গা শিক্ষক নিয়োগের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে নানা অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় বিষয়টি সরেজমিনে যাচাইয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পিসিপি বাঘাইছড়ি থানা শাখার একটি প্রতিনিধি দল ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে।